
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহের কোটচাঁদপুরে পুলিশের পৃথক বিশেষ অভিযানে ধর্ষণ মামলার আসামি, সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি ও সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত এক আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে কোটচাঁদপুর মডেল থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, ঝিনাইদহের পুলিশ সুপারের নির্দেশনায় কোটচাঁদপুর মডেল থানা এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা ও গ্রেপ্তারি পরোয়ানা তামিলের লক্ষ্যে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।
এরই ধারাবাহিকতায় বুধবার (৭ অক্টোবর) কোটচাঁদপুর মডেল থানা পুলিশের পৃথক দল অভিযান পরিচালনা করে চার আসামিকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন—কোটচাঁদপুর উপজেলার কামারকুন্ডু পূর্বপাড়ার মংলা মালের ছেলে সাব্দার মাল (৫৫)। পুলিশ জানায়, তিনি কুশনা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য। এছাড়া কোটচাঁদপুর পৌর আওয়ামী লীগের সদস্য মো. শেখ ইসমাইল (৫০), পিতা-মৃত আইয়ুব আলী, পশু হাসপাতালপাড়া, কোটচাঁদপুর এবং ফাজিলপুর গ্রামের মৃত সুবল কুমার পালের ছেলে শ্রী উজ্জ্বল কুমার পাল।
পুলিশের তথ্যমতে, সাব্দার মাল ও শেখ ইসমাইল কোটচাঁদপুর থানার মামলা নং-১৬, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২৬, জিআর নং-১১৮/২৬-এর আসামি। মামলাটি সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী ২০২৬)-এর ৭/৮/৯/১০/১১/১২/১৩ ধারায় দায়ের করা হয়েছে।
অন্যদিকে, বিশেষ অভিযানে কালী সিআর ৭৫৯/২৪ মামলার ওয়ারেন্টভুক্ত ও সাজাপ্রাপ্ত পলাতক আসামি শ্রী উজ্জ্বল কুমার পালকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, ওই মামলায় তার সাজা হয়েছে ১ বছর ৬ মাস।
এদিকে, কোটচাঁদপুর মডেল থানা পুলিশের আরেকটি বিশেষ অভিযানে ধর্ষণ মামলার এজাহারনামীয় আসামি ইউসুফ আলী (২৭)কে গ্রেপ্তার করা হয়েছে। তিনি উপজেলার তালসার গ্রামের খলিলুর রহমানের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইউসুফ আলীকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে কোটচাঁদপুর থানার মামলা নং-১২, তারিখ ১৬ সেপ্টেম্বর ২০২৬; নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(খ)/৩০ ধারা এবং দণ্ডবিধির ৩১৩/১০৯ ধারায় মামলা রয়েছে।
কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মেহেদী হাসান জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে যথাযথ আইনগত প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।