
নওগাঁ প্রতিনিধি
নওগাঁর রাণীনগরে ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার দুই কর্মকর্তাকে লোহার রড দিয়ে পিটিয়ে ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। হেলমেট পরিহিত চার ব্যক্তি দুটি মোটরসাইকেলে এসে পথরোধ করে এ ছিনতাইয়ের ঘটনা ঘটায়। ছিনতাইকারীদের হামলায় ব্যাংকের দুই কর্মকর্তা গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
মঙ্গলবার দুপুরে উপজেলার আবাদপুকুর-আদমদিঘী সড়কের পারইল ব্রিজের পাশে টাওয়ার এলাকায় এ ঘটনা ঘটে। প্রকাশ্য সড়কে বিপুল পরিমাণ টাকা বহনের সময় এমন ছিনতাইয়ের ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
আহত দুই কর্মকর্তা হলেন— আবাদপুকুর ইসলামী ব্যাংক এজেন্ট শাখার কর্মকর্তা মো. নাজমুল (৩২) ও রাসেল (২৮)। স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে আদমদিঘী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ব্যাংক সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে সান্তাহার ইসলামী ব্যাংক শাখা থেকে ৩০ লাখ টাকা উত্তোলন করা হয়। এর সঙ্গে এজেন্ট শাখার মালিক ফিরোজ হোসেনের নিজস্ব আরও ৪ লাখ টাকাসহ মোট ৩৪ লাখ টাকা নিয়ে দুই কর্মকর্তা একটি মোটরসাইকেলে আবাদপুকুরের উদ্দেশ্যে রওনা হন। পথে পারইল ব্রিজের পাশে টাওয়ার এলাকায় পৌঁছালে দুটি মোটরসাইকেলে হেলমেট পরা চার দুর্বৃত্ত তাদের ঘিরে ফেলে। একপর্যায়ে লোহার রড দিয়ে এলোপাতাড়ি মারধর করে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায় তারা।
আবাদপুকুর ইসলামী ব্যাংক এজেন্ট শাখার মালিক ফিরোজ হোসেন বলেন, “আমার দুই কর্মকর্তা সান্তাহার থেকে টাকা নিয়ে মোটরসাইকেলে ফিরছিলেন।
পথে দুর্বৃত্তরা রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে ৩৪ লাখ টাকা নিয়ে গেছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বিষয়টি রাণীনগর থানা পুলিশকে জানানো হয়েছে।”
ঘটনার পরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে নেমেছে। ছিনতাইকারীদের শনাক্ত ও টাকা উদ্ধারে পারপার্শ্বিক তথ্য সংগ্রহ এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।
এ বিষয়ে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া মন্ডল জানান, “খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ছিনতাইকারীদের গ্রেপ্তার ও ছিনতাই হওয়া টাকা উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।#