
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইলের মধুপুরে স্বামীকে রশি দিয়ে বেঁধে রেখে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় দুই আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেক আসামিকে ৩ লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) দুপুরে টাঙ্গাইলের জেলা শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক ড. আব্দুল মজিদ এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন—মধুপুর উপজেলার ব্রাহ্মণবাড়ী এলাকার নজরুল ইসলামের ছেলে মো. আরিফ এবং একই এলাকার আয়নালের ছেলে মো. রুবেল।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) খন্দকার মো. রোকুনুজ্জামান জানান, ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর মধুপুর উপজেলার ব্রাহ্মণবাড়ী এলাকায় একটি পুকুরপাড়ের পাশে কাচারী ঘরের বারান্দার খুঁটির সঙ্গে ওই নারীর স্বামীকে রশি দিয়ে বেঁধে রাখেন আসামিরা। পরে তারা পালাক্রমে ওই নারীকে ধর্ষণ করেন।
ঘটনার পর ভুক্তভোগী নারী মধুপুর থানায় আরিফ ও রুবেলের বিরুদ্ধে মামলা করেন। মামলার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। পরবর্তীতে মামলার সাক্ষ্যগ্রহণ ও বিচারিক কার্যক্রম শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত দুই আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে প্রত্যেককে ৩ লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ৩ বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।