
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহের কোটচাঁদপুরে প্রেমিকা সুইটির ঘরের আড়ায় তারই উড়না পেঁচিয়ে ৩০ বছর বয়সী সোহান হোসেন নামের এক যুবক আত্মহত্যা করেছেন।রোববার (৩০ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে। সোহান বলরামপুর গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ডিস ও নেট ব্যবসায়ী সোহান এবং একই গ্রামের মৃত সালাম হোসেনের বিধবা স্ত্রী সুইটির মধ্যে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। গল্প অনুযায়ী, দশ মাস আগে সোহান ঘাসপোড়া বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন; হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হওয়ার পরও পুনরায় পরকীয়া সম্পর্কের জেরে পারিবারিক অস্থিরতা চলছিল। রবিবার গভীর রাতে সোহান প্রেমিকার বাড়িতে গিয়ে সুইটির ওড়না গলায় পেঁচিয়ে ঘরের আড়ায় ঝুলে আত্মহত্যা করেন।
প্রেমিকা সুইটি ঘটনার সময় নিজের ঘরে ছিলেন না বলে পুলিশকে জানান; ওই সময় তিনি মায়ের সঙ্গে পাশের ঘরে ছিলেন এবং সোহান কখন ঘরে ঢুকেছে জানেন না বলে দাবি করেন। নিহতের স্ত্রী অভিযোগ করেছেন, দীর্ঘদিন ধরেই সোহানের ওই মহিলার সঙ্গে সম্পর্ক ছিল এবং পরিবারের অশান্তির কারণ ছিলেন তিনি।
নিহতের পরিবারের তথ্য অনুযায়ী সোহানের দুই পুত্র সন্তান আছে — বড় ছেলে ১০ বছর, ছোট ছেলে ৬ বছর।
কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলেই মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করা যাবে। ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।