
কোটচাঁদপুর (ঝিনাইদহ )
প্রতিনিধি:
ঝিনাইদহের কোটচাঁদপুরে পৃথক অভিযানে জিআর ওয়ারেন্টভুক্ত এক আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে কোটচাঁদপুর মডেল থানা পুলিশ। গ্রেপ্তার দুজন হলেন উপজেলার লক্ষ্মীপুর গ্রামের মোঃ নাঈম (২৪) এবং ফুলবাড়ি দক্ষিণপাড়ার বিপ্লব (২৯)।
পুলিশ সূত্রে জানা যায়, ঝিনাইদহের পুলিশ সুপারের নির্দেশনায় আইনশৃঙ্খলা রক্ষা ও গ্রেপ্তারি পরোয়ানা তামিলের অংশ হিসেবে কোটচাঁদপুর মডেল থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে।
এরই ধারাবাহিকতায় গত ১১ অক্টোবর ২০২৬ তারিখে বিশেষ অভিযান চালিয়ে ঝিনাইদহের জিআর ৩৫৪/২৫ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ নাঈমকে তাঁর নিজ বসতবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তিনি কোটচাঁদপুর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের তমিজ উদ্দিন ওরফে তরিকুলের ছেলে।
অন্যদিকে, গত ১২ অক্টোবর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কোটচাঁদপুর থানার ২১ সেপ্টেম্বর ২০২৬ তারিখের ১৬ নম্বর মামলার তদন্তে প্রাপ্ত আসামি বিপ্লবকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি ফুলবাড়ি দক্ষিণপাড়া গ্রামের শুকুর আলীর ছেলে। পুলিশি তথ্য অনুযায়ী, তিনি কোটচাঁদপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য। মামলাটি সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় দায়ের করা হয়েছে।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার দুজনকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। বিপ্লবের বিষয়ে পিসিপিআর যাচাই করে বিরূপ কোনো তথ্য পাওয়া যায়নি বলে ফ্ল্যাশ রিপোর্টে উল্লেখ করা হয়েছে।
কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানান, অপরাধ দমন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।