
জিয়ারত জুয়েল : ‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’—এই স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের বাসাইলে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সোমবার (১২ অক্টোবর) সকাল ১১টায় বাসাইল উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাসাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিয়ান মুনসীফের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির, উপজেলা মৎস্য কর্মকর্তা হাসিবুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আসাদুল ইসলাম, উপজেলা মহিলা দলের সভাপতি রাশেদা সুলতানা রুবি, বাসাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী তায়েবা আক্তার এবং বাসাইল পৌরসভা কিশোর-কিশোরী ক্লাবের পক্ষে রুফাইজা ইসলাম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কনিকা মল্লিক।বক্তারা কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠা, বাল্যবিবাহ প্রতিরোধ, শিক্ষা নিশ্চিতকরণ এবং তাদের নিরাপদ ও সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, কন্যাশিশুর জন্য সমান সুযোগ ও উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা গেলে তারা পরিবার, সমাজ ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে।
আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।