
খঃ ফাহিম: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পরিচ্ছন্নতা নিশ্চিতকরণে আয়োজন করা হয়েছে গ্রীণ ডে। উপাচার্য ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ এর উদ্যোগে আজ ১২ই নভেম্বর এ আয়োজন করা হয়। বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে একত্রিত হয় শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তাগণ। এরপর তাদেরকে টি-শার্ট ও সুরক্ষা সামগ্রী সরবরাহ করা হয়।
উদ্বোধনী বক্তৃতায় উপাচার্য বলেন, “আজকের দিনটি কোনো উদযাপনের দিন নয়। এটি প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার দিন। আমরা প্রতিজ্ঞা করছি যে আমাদের ক্যাম্পাসকে আমরা আবর্জনামুক্ত রাখবো। আমাদের ক্যাম্পাস সংরক্ষণের দায়িত্বও আমাদের। আমি যতদিন আছি এই দিনটি পালন করবো। আপনাদের প্রতি আহ্বান থাকবে আগামীতেও দিনটি পালন করবেন। যে কাগজ জ্ঞানার্জনের উপাদান তা দিয়ে আমরা পরিবেশ অপরিচ্ছন্ন করবো না। কিছু কিছু জায়গা দেখে তো ডাস্টবিন মনে হয়। আমরা এমনটা আর কখনো করবো না।”
এরপর সমবেত জনতা পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করে। উপাচার্যও পরিচ্ছন্নতা কাজে অংশগ্রহণ করেন। প্রশাসন ভবনের সামনে থেকে ডায়না চত্ত্বর প্রদক্ষিণ করে ঝাল চত্ত্বরে স্থাপিত দোকানগুলোও পরিদর্শন করেন উপাচার্য। দোকান মালিক ও শিক্ষার্থীদেরকে ডেকে পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়ে সচেতন হতে বলেন তিনি। এছাড়া পরবর্তীতে দোকানের সামনে আবর্জনা পেলে নিষিদ্ধ করার হুশিয়ারিও দেন।