
মারুফ আহম্মেদ, খুবি প্রতিনিধি;
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ এন্ড মেরিন রিসোর্স টেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক ড. মোঃ নাজমুল আহসান। সোমবার (২৯ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার উপসচিব মো. শাহীনুর ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০১৫-এর ১০ (১) ধারা অনুযায়ী ড. মোঃ নাজমুল আহসানকে চার বছরের জন্য উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি এই পদে নিযুক্ত থাকাকালে বর্তমান পদের সমপরিমাণ বেতন ও অন্যান্য ভাতাদি পাবেন এবং উপাচার্য পদের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য সুবিধাও উপভোগ করবেন। এছাড়া তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
নিয়োগ প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের আদেশক্রমে এই নিয়োগ কার্যকর হবে এবং তিনি কোনো কারণে রাষ্ট্রপতি এই নিয়োগ বাতিল না করা পর্যন্ত দায়িত্ব পালন করবেন।