
রানা ইস্কান্দার রহমান
গাইবান্ধা জেলা প্রতিনিধি
গাইবান্ধায় সাজাপ্রাপ্ত আসামি ও প্রতারকসহ গ্রেফতার ৯
গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁড়াশি অভিযান চালিয়েছে পুলিশ। গত ২৪ ঘণ্টায় সেখানে ৯ আসামিকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (১১ ফেব্রুয়ারি) বিকেলে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতার হওয়াদের মধ্যে আছেন – দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি একজন, অটোবাইক চোরচক্রের ছয়জন, প্রতারক চক্রের একজন এবং মাদক কারবারি একজন। তাদের নাম-ঠিকানা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি ওসি।
পুলিশ জানায়, বগুড়ার শিবগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে চোরচক্রের ছয় আসামিকে গ্রেফতার করা হয়। এ সময় চুরি যাওয়া ইজিবাইকের চারটি ব্যাটারি জব্দ করা হয়েছে।
এছাড়া গোবিন্দগঞ্জ বাজারস্থ সোনার পট্টি থেকে কথিত দুদকের পরিচালক পরিচয়ে সোনা হাতিয়ে নেওয়ার সময় এক প্রতারক চক্রের সদস্যকে হাতেনাতে গ্রেফতার করা হয়। তার নামে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
এদিকে পলাশবাড়ী উপজেলার নাকাইহাট বিলস্থ এলাকায় কৃষকের ছদ্মবেশ ধারণ করে দীর্ঘ দিনের পলাতক দুই বছরের সাজাপ্রাপ্ত এবং সিআর পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে।
অপরদিকে গোবিন্দগঞ্জের মহাসড়কে কাজী এন্টারপ্রাইজ নামের যাত্রীবাহী বাস তল্লাশি করে ২০০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
ওসি শামসুল আলম শাহ বলেন, গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষার্থে এমন অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।