
রানা ইস্কান্দার রহমান
গাইবান্ধা জেলা প্রতিনিধি
গাইবান্ধা সদর উপজেলার একটি বাড়ি থেকে ১৪৯ বোতল ফেনসিডিলসহ মীম বেগম (২০) নামের এক নারীকে গ্রেফতার করেছে র্যাব।গত
রবিবার (৬ অক্টোবর) সন্ধ্যায় র্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের সিনিয়র সহকারী পুলিশ সুপার সালমান নুর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃত মীম বেগম গাইবান্ধা পৌরসভার ৯নং ওয়ার্ডের কুঠিপাড়া (বাঁশবাড়ি) গ্রামের মনজুর রহমান মমিজুলের মেয়ে এবং তার স্বামীর নাম সাদিকুল ইসলাম।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানা যায়, রবিবার দুপুরের দিকে র্যাব-১৩, রংপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা সদরের কুঠিপাড়া (বাঁশবাড়ি) এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় প্লাবন মিয়ার বসতবাড়ি থেকে ১৪৯ বোতল ফেনসিডিল জব্দসহ মাদক কারবারি মীম বেগমকে গ্রেফতার করা হয়েছে।
সিনিয়র সহকারী পুলিশ সুপার সালমান নুর আলম বলেন, এঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে থানায় হস্তান্তর করা হয়েছে।