
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের ফুলপুকুরিয়ায় চলছে ঐতিহ্যবাহী আদিবাসী মেলা। গত সোমবার (২৭ জানুয়ারি) রাতে মেলা ঘুরে দেখা গেছে, আদিবাসী নয়, এ যেন জুয়ার মেলা। আর সেই সাথে আছে অশ্লীল নৃত্যের ছড়াছড়ি।
ফুলপুকুরিয়া একটি গ্রামীণ এলাকা হওয়ায় বিপুল সংখ্যক হতদরিদ্র মানুষের বাস। সেই সুযোগে কিছু অসাধু লোক মিলে মেলার নামে চালাচ্ছে জুয়া ও অশ্লীল নৃত্যের ব্যবসা।
এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, কতিপয় ব্যক্তিবর্গ একটি রাজনৈতিক দলের নাম ভাঙ্গিয়ে করে এসব কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে অবাধে। আর এদের কাছে জিম্মি হয়ে আছে এলাকার সাধারণ মানুষ।
নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক মর্নিং পোস্টকে জানান, বছরের শুরুতে ছেলেমেয়েরা নতুন ক্লাসে উঠেছে আর মেলার কারণে তারা অমনযোগী হয়ে পড়ায় তাদের পড়াশুনার অনেক ক্ষতি হচ্ছে।
এ ব্যাপারে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলামকে জানালে গভীর রাতে উপ পরিদর্শক (এসআই) তাসিনের নেতৃত্বে পুলিশের একটি দল মেলাস্থলে অভিযান চালায়। এদিকে মেলায় পুলিশ আসার খবর পেয়ে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে অন্ধকারে জুয়ারিরা পালিয়ে যায়। পরে মেলা সংশ্লিষ্ট আয়োজক কমিটির লোকজনকে ডেকে জুয়া বন্ধের জন্য বিশেষভাবে সর্তক করে পুলিশ।