
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গাইবান্ধা সদর উপজেলার ১৩নং মোল্লারচর ইউনিয়নবাসীর উদ্যোগে দুই দিনব্যাপী গত (৮ ও ৯ আগস্ট) নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মোল্লারচর বাজার সংলগ্ন হাতিমারা এলাকায় আয়োজিত এই প্রতিযোগিতায় গাইবান্ধাসহ আশপাশের পাঁচ জেলার প্রতিযোগীরা অংশগ্রহণ করেন।
দুই দিনব্যাপী এই ঐতিহ্যবাহী আয়োজনকে কেন্দ্র করে কয়েক হাজার মানুষের মিলনমেলায় পরিণত হয় মোল্লারচর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ১৩নং মোল্লারচর ইউনিয়ন শাখার সভাপতি জননেতা মো. শাহাদত হোসেন মণ্ডল। সহ-সভাপতির দায়িত্ব পালন করেন ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও ইউনিয়ন পরিষদের সদস্য জননেতা মো. ফরিজাল হক (ফরিদ)।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক জননেতা মো. মাহমুদুন্নবী টিটুল। তিনি খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং প্রতিযোগীদের উত্সাহিত করেন। তার আগমনে উপস্থিত জনতা তাকে উষ্ণ সংবর্ধনা জানান।
প্রতিযোগিতায় প্রথম পুরস্কার হিসেবে একটি বিশাল মহিষ প্রদান করা হয়, যা দান করেন আয়োজকগোষ্ঠী। দ্বিতীয় পুরস্কার হিসেবে একটি বড় গরু প্রদান করেন বাংলাদেশ সেনাবাহিনীর সার্জেন্ট মো. নাজমুল হাসান।
স্থানীয় জনগণ জানান, এই আয়োজন শুধু বিনোদন নয়, বরং গ্রামীণ ঐতিহ্য ও সামাজিক সম্প্রীতি পুনরুজ্জীবিত করেছে।