
মো.ফরহাদ হোসাইন,জবি
গুচ্ছভুক্ত সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) বিশ্ববিদ্যালয়গুলোতে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ক্লাস ১ সেপ্টেম্বর থেকে শুরু হবে গতকাল (১৭ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তৃতীয় পর্যায়ের মেধা তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদেরকে আগামী ১৯ ও ২০ আগস্টের মধ্যে প্রাথমিক ভর্তি নিশ্চয়ন করতে হবে। শিক্ষার্থীরা সশরীরে বিশ্ববিদ্যালয়ে না গিয়ে জিএসটির ওয়েবসাইটে লগইন করে ৫,০০০ টাকা ফি পরিশোধের মাধ্যমে অনলাইনে প্রাথমিক ভর্তি নিশ্চয়ন করতে পারবেন।
গত ১৬ আগস্ট অনলাইন প্ল্যাটফর্ম জুমে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও জিএসটির সমন্বিত ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ১৮তম সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় সাম্প্রতিক ছাত্র আন্দোলনে শহিদ হওয়া শিক্ষার্থীদের জন্য শোক প্রকাশ করা হয় এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়। আহত শিক্ষার্থীদের আশু সুস্থতা কামনা করা হয়। এছাড়া, সভায় গত ৫ আগস্ট নোবেল বিজয়ী অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানানো হয়।
ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং নির্দেশনা জিএসটির ওয়েবসাইটে পাওয়া যাবে।