
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গাইবান্ধার গোবিন্দগঞ্জে করতোয়া নদীতে গোসল করতে নেমে আপেল (১৪) নামের এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। সোমবার (৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের ফকিরগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ আপেল ওই ইউনিয়নের বোগদহ কলোনি গ্রামের বিশিষ্ট কাঠ ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের ছেলে।
স্থানীয়রা জানায়, প্রচণ্ড গরম থেকে স্বস্তি পেতে কয়েকজন বন্ধু নিয়ে আপেল করতোয়া নদীতে গোসল করতে নামে। এক পর্যায়ে ডুব দেওয়ার পর থেকে তাকে আর দেখা যায়নি। তার বন্ধুরা দিশেহারা হয়ে খোঁজাখুঁজি শুরু করলে আশপাশের লোকজনও নদীতে নেমে অনুসন্ধান চালান। তবে রাত পর্যন্ত তার কোন খোঁজ পাওয়া যায়নি।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, নদীর প্রবল স্রোতের কারণে উদ্ধার কার্যক্রমে জটিলতা সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে রংপুরের ডুবুরি দলকে খবর দেয়া হয়েছে। তারা এসে আনুষ্ঠানিক উদ্ধার অভিযান চালাবেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ স্কুলছাত্রকে উদ্ধার করা সম্ভব হয়নি।