
মোঃ আসাদুজ্জামান আসাদ
চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রতিনিধি
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সদস্য পরিচয়দানকারী নাজমুল হুসাইন (৩৯) নামে এক ভুয়া পুলিশকে গ্রেপ্তার করেছে জীবননগর থানা পুলিশ। গতকাল সোমবার বিকাল সাড়ে চারটার দিকে উপজেলার হাসাদাহ বাজার থেকে ওই ভুয়া পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়। এসময় একটি মোবাইল ও সিমকার্ড উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত হলেন, লক্ষীপুর জেলার রায়পুর থানার দেবীপুর গ্রামের মৃত হারুন অর রশিদের ছেলে। পুলিশ জানায়, গত সোমবার ৮-০১-২৪তারিখে নাজমুল হুসাইন তার ব্যবহৃত মুঠোফোন নাম্বার দিয়ে জীবননগর উপজেলার কন্দপপুর গ্রামের মিরাজুল ইসলামকে কল করে বলে যে, আমি নারায়ণগঞ্জ পিবিআই এর একজন পুলিশ অফিসার। আপনার এই নাম্বারটি এনআইডি দিয়ে তোলা, আপনি মাদক ব্যবসায়ীর সঙ্গে জড়িত। আমি ২/১ দিনের ভিতরে তদন্তের জন্য আপনার বাড়িতে আসবো। আপনি আপনার ব্যবহৃত সিমটি তুলে রাখবেন। এরপর সোমবার বিকেল ৪টার দিকে আসামি নাজমুল তার বাড়ীতে এসে সিমটি নিয়ে নেয়। এসময় তার কথাবার্তায় সন্দেহজনক মনে করে মিরাজুল ইসলাম জীবননগর থানাধীন হাসাদাহ ক্যাম্পের পুলিশকে জানান। ক্যাম্পের অভিযান ডিউটিতে থাকা এসআই দিদারুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নাজমুলকে জিজ্ঞাসাবাদ করলে সে ভুয়া পুলিশ স্বীকার করলে তাকে গ্রেপ্তার করে জীবননগর থানায় নেয়।
জীবননগর থানার ওসি এস এম জাবীদ হাসান বলেন, ভুয়া পুলিশ পরিচয় দানকারী নাজমুল হুসাইন নামের একজন সাধারণ জনগণকে অসৎ উদ্দেশ্যে হেনস্তা করার অপরাধের তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার তাকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হবে।