
মোঃ আসাদুজ্জামান আসাদ
চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রতিনিধি
চুয়াডাঙ্গা শিশু পরিবারের শিশুদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছেন পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান (পিপিএম-সেবা)। গতকাল শুক্রবার সকাল ১০টায় শিশু পরিবারে উপস্থিত হয়ে এসব শীতবস্ত্র (উলেন সোয়েটার) বিতরণ করা হয়।
এসময় পুলিশ সুপার বলেন, বাংলাদেশ পুলিশ পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন প্রকার সামাজিক, মানবিক ও উৎসাহমূলক কার্যক্রমে ভূমিকা রেখে চলেছে। চুয়াডাঙ্গায় হাড়কাঁপানো শীত ও ঘন কুয়াশায় বিপর্যস্ত, শীতার্ত কোমলমতি শিশুদের জন্য জেলা পুলিশের এই ক্ষুদ্র প্রয়াস তাদের কিছুটা হলেও সুরক্ষা দিবে। তিনি এসময় সরকারি শিশু পরিবারের শিশুদের লেখাপড়া, চিকিৎসা সেবা, বিশুদ্ধ খাবার পানিসহ সার্বিক বিষয়ে খোঁজখবর নেন।