
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একমাত্র নওয়াব ফয়জুন্নেসা ছাত্রী হলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নারী শিক্ষার্থীদের শারদীয় শুভেচ্ছা কার্ড এবং শিক্ষা সামগ্রী বিতরণ করেছেন শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুমন সর্দার।
গতকাল বুধবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় জবি ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুমন সর্দারের নেতৃত্বে ছাত্রী হলে অবস্থানরত হিন্দু ধর্মাবলম্বী দুই শতাধিক নারী শিক্ষার্থীদের সাথে এই শুভেচ্ছা বিনিময় কর্মসূচি পালন করা হয়। জানা যায়, ছাত্রদলের এই কর্মসূচিটি শুধুমাত্র উৎসবের আনন্দ ছড়ানোর মাধ্যম নয়, বরং শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা ও সাংস্কৃতিক মূল্যবোধের প্রসার ঘটানোও তার লক্ষ্য।
এ প্রসঙ্গে হিন্দু ধর্মাবলম্বী একজন নারী শিক্ষার্থী বলেন, “আমরা সবাই দুর্গোৎসবের জন্য অনেক আনন্দিত ও সারা বছর অনেক আগ্রহী থাকি। ছাত্রদলের এই উদ্যোগ আমাদের মনে নতুন আশা জাগিয়েছে। তিনি আরো বলেন, শুভেচ্ছা কার্ডটি হাতে পেয়ে মনে হচ্ছে, পরিবার ছাড়া আমরা একা নই সবাই মিলে উৎসব করব। শিক্ষা সামগ্রী পেয়ে পড়াশোনায় আরও উৎসাহিত হয়েছি। এমন কর্মসূচি আরও হোক, ছাত্রদলের এমন উদ্যোগ প্রশংসনীয়।”
জবি শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুমন সর্দার বলেন, “শারদীয় দুর্গোৎসব আমাদের সকলের জন্য আনন্দের উৎসব, এটি সমাজের দুর্বল অংশকে সাহায্য করার সুযোগও। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল সর্বসময় শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে এবং থাকবে।”
তিনি আরো বলেন, “এই বিতরণের মাধ্যমে আমরা শুধু আমাদের হিন্দু ধর্মাবলম্বী বোনদের শুভেচ্ছায় জানাচ্ছি না, বরং তাদের শিক্ষার পথ সহজ করে দিচ্ছি। দেবী দুর্গার আশীর্বাদে এই উৎসব সকলের জন্য শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসুক। আমরা সকলে মিলে এই উৎসবে অংশ নেব এবং আমাদের দেশের ঐতিহ্য রক্ষা করব।”
এসময় উপস্থিত ছিলেন জবি শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাখওয়াতুল ইসলাম পরাগ, আরিফুল ইসলাম আরিফ, ইয়াসিন আরাফাত, রায়হান হোসেন অপু, রবিন মিয়া শাওন, আব্দুল্লাহ আল মামুন সহ আরো শতাধিক নেতাকর্মী।