
Dola Akter Mila
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়,রংপুর (বেরোবি) ছাত্র সংসদ বিশ্ববিদ্যালয়ের আইনে সংযুক্ত করে সুনির্দিষ্ট রোড ম্যাপের দাবিতে আমরণ অনশনে দুইজন শিক্ষার্থী গুরুতর অসুস্থ হয়ে পড়েছে। অসুস্থ শিক্ষার্থীরা হলেন সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জাহিদ হাসান জয় ও দূর্যোগবিজ্ঞান ব্যবস্থা বিভাগের শিক্ষার্থী মো:মাহিদ ইসলাম।
রোববার (১৭ই আগষ্ট) রাত সাড়ে ১১ টা নাগাদ এই দুই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ায় তাদের দুজনকে স্যালাইন দেয়া হয়েছে।
এদিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রার, প্রক্টর,ছাত্র উপদেষ্টা, চীফ মেডিকেল অফিসারসহ অনেকে অনশনরত শিক্ষার্থীদের দেখতে আসেন।
এসময়,উপাচার্য প্রফেসর ড.মো.শওকাত আলী বলেন,”ছাত্র সংসদের ব্যাপারে গঠিত কমিটি ১০ দিনের সময় চেয়েছে, তোমরা চাইলে ১০ দিন দেখতে পারো।”
অনশনরত শিক্ষার্থীরা উপাচার্যের এই প্রস্তাব প্রত্যাখ্যান করে তারা বলেন” আমরা এমন আশ্বাস অনেক পেয়েছি। আমরা চাই দ্রুত ছাত্র সংসদ বিশ্ববিদ্যালয়ের আইনে অন্তর্ভুক্ত করে সুনির্দিষ্ট নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা হোক ।”
উল্লেখ্য,বিশ্ববিদ্যালয়ের উত্তর গেটে রোববার (১৭ আগষ্ট) বেলা ১১ টায় ৯ জন শিক্ষার্থী অনশনে বসেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
অনশনে বসা শিক্ষার্থীরা হলেন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী রুমানুল ইসলাম রাজ, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী শিবলি সাদিক, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আশিকুর রহমান, সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলাম জয়, দুর্যোগ বিজ্ঞান ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী মাহিদ ইসলাম, ফাইন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী কায়সার, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নয়ন, অর্থনীতি বিভাগের শিক্ষার্থী আতিকুর, গণিত বিভাগের শিক্ষার্থী আরমান হোসেন।