
মো.ফরহাদ হোসাইন,জবি
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কর্মরত অধ্যাপকদের মধ্য থেকে উপাচার্য নিয়োগের দাবি জানিয়েছে। ১৮ বছর আগে প্রতিষ্ঠিত হওয়া সত্ত্বেও বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নে উল্লেখযোগ্য কোন অগ্রগতি না হওয়ায় এবং দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণে পর্যাপ্ত পদক্ষেপ না নেওয়ার অভিযোগ তুলে শিক্ষকদের সংগঠনটি এই দাবি জানিয়েছে।
শিক্ষক সমিতির সভাপতি (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোঃ মমিন উদ্দিন এবং সাধারণ সম্পাদক ড. শেখ মাশরিক হাসান স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা উপাচার্য, উপ-উপাচার্য এবং ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করছেন। তা সত্ত্বেও, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে, যা বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নের পথে বাধা সৃষ্টি করছে।
বিবৃতিতে আরও বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা এবং অবকাঠামো উন্নয়নের গতি ত্বরান্বিত করতে বিশ্ববিদ্যালয়ের কর্মরত অধ্যাপকদের মধ্য থেকে সততা, দক্ষতা, যোগ্যতা এবং অভিজ্ঞতার ভিত্তিতে উপাচার্য নিয়োগ দেওয়া জরুরি। এজন্য তারা সরকারের নিকট জোর দাবি জানিয়েছেন।