
পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:
“মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির পানছড়িতে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ অক্টোবর ২০২৫) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ফারহানা নাসরিন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অনুতোষ চাকমা, থানার প্রতিনিধি এসআই ডলি আক্তার, আনসার ও ভিডিপি কর্মকর্তা কাজী আকাশ, বিজিবি প্রতিনিধি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী, জামায়াতে ইসলামী পানছড়ি উপজেলা সভাপতি জাকির হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের সাধারণ সম্পাদক মো. ওমর ফারুক, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সাংবাদিক ও যানবাহন সমিতির নেতৃবৃন্দ প্রমুখ।
বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা কোনো নিয়তি নয়, এটি মানবসৃষ্ট একটি ব্যাধি, যার প্রতিকার সম্ভব সচেতনতা ও নিয়ম মেনে চলার মাধ্যমে। তারা অটোরিকশা চালকদের প্রশিক্ষণ, মোটরসাইকেল চালকদের মানসম্মত হেলমেট পরিধান, এবং ট্রাফিক আইন মেনে চলার ওপর গুরুত্ব আরোপ করেন।
আলোচনায় বক্তারা আরও উল্লেখ করেন, জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন তাঁর সহধর্মিণী জাহানারা কাঞ্চনকে সড়ক দুর্ঘটনায় হারিয়ে শোককে শক্তিতে রূপ দিয়ে ১৯৯৩ সালে নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের সূচনা করেন, যা আজ সড়ক নিরাপত্তা সচেতনতার প্রতীক হয়ে উঠেছে।
সভায় বক্তারা সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে সকলে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান, যেন আর কোনো প্রাণ সড়কে না ঝরে।