
বিনোদন ডেস্ক
ভারতের দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা বরাবরই আলোচনায় থাকেন নিজের তারকা খ্যাতির কারণে। অভিনয় ও সৌন্দর্যে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন অনেক আগেই। বলিউডের ‘অ্যানিমেল’ ছবিতে অভিনয় করেও বিরাট সাফল্যের দেখা পেয়েছেন। তবে এই তারকাকে গেলো এক মাস কোথাও দেখা যায়নি। কোনো সামাজিক অনুষ্ঠান এবং সোশ্যাল মিডিয়াতে ছিলেন না। তাই প্রশ্ন ওঠেছিল – সুন্দরী তারকা রাশমিকা কোথায় ? অবশেষে আড়াল ভেঙেছেন তিনি। রাশমিকা জানিয়েছেন, দুর্ঘটনার শিকার হয়েছিলেন।
নিজের সোশ্যাল হ্যান্ডেল ইনস্টাগ্রামে রাশমিকা মান্দানা বলেন, বন্ধুরা, কেমন আছেন ? অনেক দিন পর সোশ্যাল মিডিয়ায় আসলাম। গেলো মাসে এখানে আমি অ্যাক্টিভ ছিলাম না। কারণ আমি ছোট একটি দুর্ঘটনার কবলে পড়েছিলাম। আমি সুস্থ হয়ে উঠছিলাম। চিকিৎসকরা বাড়িতে বিশ্রামে থাকতে বলেছিলেন।
এই তারকা আরও বলেন, আগের চেয়ে এখন ভালো আছি। এখন অবশ্য সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ এবং কাজে ফেরার মতো অবস্থায় আছি। আপনারা নিজের শরীরের যত্ন নেওয়াকে প্রাধান্য দিন। জীবন খুবই ভঙ্গুর এবং সংক্ষিপ্ত। আমরা জানি না, আগামীকাল পৃথিবীতে থাকবো কিনা। সুতরাং প্রতিদিন আনন্দে থাকুন।