
এ এ এইচ সিয়াম প্রতিনিধি নজরুল বিশ্ববিদ্যালয় :
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) ‘জুলাই-২০২৪ হত্যাযজ্ঞের খুনিদের বিচারের’ দাবিতে গণস্বাক্ষর কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের নিচতলায় সোমবার সকালে এ কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম।
গণস্বাক্ষর কর্মসূচিটি জুলাই-আগস্ট ২০২৪-এ সংঘটিত ঐতিহাসিক গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে গৃহীত মাসব্যাপী নানা কর্মসূচির অংশ হিসেবে বাস্তবায়ন করা হচ্ছে। জনমত গঠন, স্মরণ ও বিচার দাবির এই সম্মিলিত প্রয়াস আগামী ০১ আগস্ট ২০২৫ পর্যন্ত চলবে।
গণস্বাক্ষর বইয়ে স্বাক্ষরের মাধ্যমে কর্মসূচির উদ্বোধনকালে উপাচার্য তাঁর বক্তব্যে বলেন—
‘জুলাই-আগস্ট ২০২৪-এর আন্দোলনে দেশের শিক্ষার্থী, তরুণ প্রজন্ম এবং সর্বস্তরের জনগণ ঐক্যবদ্ধভাবে রাস্তায় নেমে আসে। এই গণঅভ্যুত্থান ছিল নির্যাতনের বিরুদ্ধে জাতির জাগরণ। এই আন্দোলনে যারা শহিদ হয়েছেন, তাঁদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। সরকার ইতোমধ্যে আহতদের চিকিৎসায় সহায়তা দিচ্ছে। আমরা আশা করি, এই সহায়তা অব্যাহত থাকবে।জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেভাবে গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছে, আহত হয়েছে, আমরা তাঁদের পাশে ছিলাম এবং থাকবো। তাঁদের জন্য ভর্তি ফি মওকুফ, কোটার সুবিধা ও আর্থিক সহায়তাসহ নানা পদক্ষেপ নেওয়া হয়েছে।’
উপাচার্যের পরে গণস্বাক্ষর বইয়ে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, কলা অনুষদের ডিন প্রফেসর ড. মো. ইমদাদুল হুদা, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. বখতিয়ার উদ্দিন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার, আইন অনুষদের ডিন মুহাম্মদ ইরফান আজিজ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান, প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলম, বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. হাবিব-উল-মাওলা (মাওলা প্রিন্স), অগ্নি-বীণা হলের প্রভোস্ট মো. হারুনুর রশিদ এবং লোকপ্রশাসন ও সরকার পরিচালনাবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মো. অলি উল্লাহ।
এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী গণস্বাক্ষর কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
জুলাই-আগস্ট ২০২৪ গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে গঠিত মাসব্যাপী কর্মসূচি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক এবং কলা অনুষদের ডিন প্রফেসর ড. মো. ইমদাদুল হুদা অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন। তিনি বলেন,“এই গণস্বাক্ষর কর্মসূচির মাধ্যমে আমরা জাতিকে স্মরণ করিয়ে দিতে চাই যে, ইতিহাসকে ভুলে গেলে জাতির মুক্তি সম্ভব নয়। বিচারের দাবিতে এই গণচেতনা অব্যাহত রাখতে হবে।”
অনুষ্ঠানের সঞ্চালনা করেন কমিটির সদস্য-সচিব এবং লোকপ্রশাসন ও সরকার পরিচালনাবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মো. অলি উল্লাহ।
উল্লেখ্য, গণস্বাক্ষর কর্মসূচি ০১ আগস্ট ২০২৫ তারিখ পর্যন্ত চলবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী এবং সংশ্লিষ্ট সবার অংশগ্রহণে এ কার্যক্রম বিশ্ববিদ্যালয়জুড়ে একটি সচেতনতা ও গণচেতনার পরিবেশ তৈরি করছে।