
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইলে জাতীয় পার্টি (জিএম কাদের) থেকে পদত্যাগ করে বিভিন্ন পর্যায়ের অর্ধশতাধিক নেতাকর্মী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগ দিয়েছেন।
সোমবার (১২ জানুয়ারি) দুপুরে টাঙ্গাইল শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় বিএনপির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকুর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন। এ সময় সুলতান সালাউদ্দিন টুকু ফুল দিয়ে নবাগত নেতাকর্মীদের বরণ করে নেন।
যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন— সদর উপজেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক আবু সাইদ আজাদ, হুগড়া ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মফিজুর রহমান, ৫ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি আব্দুল লতিফ, মগড়া ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মাহবুব হাসান এবং ৫ নম্বর ওয়ার্ডের সভাপতি জিন্নাহ খানসহ আরও অর্ধশতাধিক নেতাকর্মী।
নবাগত নেতাকর্মীরা জানান, জাতীয় পার্টি থেকে পদত্যাগ করে তারা বিএনপিতে যোগ দিয়েছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকুকে বিজয়ী করার লক্ষ্যে। এ সময় তারা ঐক্যবদ্ধভাবে তাঁর পক্ষে কাজ করার অঙ্গীকার করেন।
অনুষ্ঠানে বক্তব্যে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বিএনপি কখনো ক্ষমতার লোভে রাজনীতি করে না; বিএনপির রাজনীতি মানুষের অধিকার, ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। আজ বিভিন্ন রাজনৈতিক দল থেকে নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে বিএনপিতে যোগ দিচ্ছেন, যা প্রমাণ করে বিএনপি এখন জনগণের আস্থার প্রতীক ও শেষ ভরসা।
আগামী জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, এই নির্বাচনের মাধ্যমেই নির্ধারিত হবে দেশ কোন পথে যাবে। আল্লাহর রহমতে জনগণের ভোটে দেশনায়ক তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় তিনি সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত একটি নিরাপদ ও আধুনিক টাঙ্গাইল গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলীসহ জেলা ও উপজেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।