
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইলে সদর হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়ে ১৩ জন দালালকে আটক করেছে র্যাব-১৪,সিপিসি-০৩। মঙ্গলবার দুপুরে র্যাবের একটি দল টাংগাইল মেডিকেল কলেজ হাসপাতাল ও টাংগাইল জেনারেল হাসপাতালে অভিযান পরিচালনা করেন, এসময় সেখানে সরকারি হাসপাতালের রোগীদের বিভিন্ন ক্লিনিক এ টেস্ট ও ওষুধ উচ্চ মূল্যে বিক্রি করতে তৎপর থাকায় ১৩ জন দালালকে আটক করে র্যাব-১৪ টাংগাইল।
টাঙ্গাইল ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর কাওসার বাঁধন এর নেতৃত্বে আটক হওয়ার পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩ জনকে অর্থদণ্ড এবং ১০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লাবিবুজ্জামান মুস্তাবিন, মো. নওশাদ আলম ও নুসরাত জাহান।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লাবিবুজ্জামান মুস্তাবিন বলেন, হাসপাতালে আসা রোগীদের ভুলিয়ে ভালিয়ে বিভিন্ন ক্লিনিকে নিয়ে যায়। ক্লিনিকে চিকিৎসা শেষে কমিশন নিয়ে থাকে। অভিযান চালিয়ে তাদের হাতেনাতে ধরা হয়েছে।