
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইল-৫ সদর আসনে মনোনয়ন জমা দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী এডভোকেট খন্দকার আহসান হাবিব। বুধবার বিকেলে টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যলয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কায়ছারুল ইসলামের কাছে মনোনয়নপত্র জমা দেন। এসময় সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মতিয়ুর রহমান উপস্থিত ছিলেন। সদর আসনে প্রার্থীদের মধ্যে তিনিই প্রথম মনোনয়নপত্র জমা দিলেন।
বিএনপির কেন্দ্রীয় সদস্য পদ থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী খন্দকার আহসান হাবিব প্রতিদিনের বাংলাদেশকে বলেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমি মনোনয়নপত্র জমা দিলাম। আমি মনে করি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে অত্যন্ত সুষ্ঠু ও নিরপেক্ষ। গণতন্ত্র রক্ষা করতে নির্বাচরেন কোন বিকল্প নেই। তিনি আরও বলেন, আমি বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।
উল্লেখ্য, এডভোকেট খন্দকার আহসান হাবিব বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী। তিনি ১৯৯৩ সালে টাঙ্গাইল পৌরসভার কমিশনার ছিলেন। তিনি বিএনপির নির্বাহী কমিটির সদস্য হিসাবে দায়িত্বে ছিলেন। তার বাড়ি টাঙ্গাইল শহরের বিশ্বাস বেতকা এলাকায়। তিনি বিএনপি থেকে সরে এসে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করছে।
১৪ নভেম্বর বুধবার ঢাকায় সংবাদ সম্মেলন করে সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার ঘোষণা দেন। এরপর তাকে বিএনপির পদ থেকে বহিষ্কার করা হয়। পরে খন্দকার আহসান হাবিব নিজ এলাকা টাঙ্গাইলে এসেও সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন। সেইসাথে নির্বাচনের অংশ হিসেবে শুরু করেছেন গণসংযোগ।