
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইল আঞ্চলিক পাসপোর্ট অফিসে দালাল চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার দুপুরে দুদকের সমন্বিত জেলা কার্যালয় টাঙ্গাইলের একটি টিম এ অভিযান পরিচালনা করে।
দুদক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পাসপোর্ট অফিসের আশপাশে একটি দালাল চক্র সক্রিয় ছিল। তারা সাধারণ সেবা প্রত্যাশীদের দ্রুত পাসপোর্ট প্রদানের আশ্বাস দিয়ে অতিরিক্ত টাকা আদায় করত। গোপন সংবাদের ভিত্তিতে দুদক কর্মকর্তারা সরেজমিনে গিয়ে দালালির প্রমাণ পেয়ে চারজনকে হাতেনাতে আটক করেন।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। আদালত চারজনকেই অর্থদণ্ড ও বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেন।
দুদক কর্মকর্তারা জানান, পাসপোর্ট সেবাকে দালালমুক্ত ও স্বচ্ছ রাখতে নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।