
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: মুনতাসিম সরকার সৌরভ
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে (বেরোবি) একাডেমিক গবেষণায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) টুলসের ব্যবহার বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১১ নভেম্বর ২০২৫) সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন–২–এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ভার্চুয়াল ক্লাসরুমে ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) কর্মশালাটির আয়োজন করে।
কর্মশালার উদ্বোধন করে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী বলেন, “বিশ্ব দ্রুত বদলে যাচ্ছে। প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা বুঝতে পারলে ভবিষ্যতে নেতৃত্ব দেওয়া সম্ভব। গবেষণায় প্রযুক্তির সঠিক ব্যবহার আমাদের এগিয়ে নেবে।”
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের ডিজিটাল দক্ষতা অর্জন করতে হবে এবং দেশের উপকারে আসে এমন প্রযুক্তি ব্যবহারে সচেতন হতে হবে।
কর্মশালায় সভাপতিত্ব করেন আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মো. তাজুল ইসলাম। একাডেমিক গবেষণায় এআই টুলস ব্যবহারের ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. ইমরান মাহমুদ।
কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন। এ সময় আইকিউএসিএর অতিরিক্ত পরিচালক ড. মো. আব্দুর রকিব এবং মো. সজিব মিয়া উপস্থিত ছিলেন।
