
ডিমলা (নীলফামারী) প্রতিনিধঃ
“যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা, পরিচ্ছন্ন স্কুল—সুস্থ জীবন গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে শিক্ষাপ্রতিষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধ ও শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। নীলফামারীর ডিমলা উপজেলা বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে এই কার্যক্রম শুরু হয়।
জেলা ও উপজেলা প্রশাসনের নির্দেশনার পরিপ্রেক্ষিতে ১৭ অক্টোবর (শনিবার) ডিমলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আঙিনা ও এর আশপাশে এই পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ডিমলা ৩ নম্বর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু তালেব, ডিমলা ইসলামিয়া ডিগ্রি মহাবিদ্যালয় ছাত্রদলের সভাপতি প্রিন্স লিমন, গণমাধ্যমকর্মী আরিফ ইসলাম আলাল, ডিমলা সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক শাহিন হাসান এবং উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
উদ্যোগটির বিষয়ে ডিমলা ৩ নম্বর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু তালেব বলেন, “ডেঙ্গু প্রতিরোধে বড় উদ্যোগের পাশাপাশি ছোট ছোট সচেতনতামূলক কাজও অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি পরিষ্কার বিদ্যালয় শুধু শিক্ষার্থীদের সুস্থ পরিবেশই নিশ্চিত করে না, বরং তাদের মধ্যে দায়িত্ববোধ ও স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তোলে। বিদ্যালয়ের আশপাশে ময়লা-আবর্জনা ও পানি জমে না থাকার বিষয়টি নিয়মিত নজরদারিতে রাখা প্রয়োজন। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক সবাই একসঙ্গে কাজ করলেই কেবল ডেঙ্গুর ঝুঁকি কার্যকরভাবে কমানো সম্ভব।”
ডিমলা ইসলামিয়া ডিগ্রি মহাবিদ্যালয় ছাত্রদলের সভাপতি প্রিন্স লিমন বলেন, “বিদ্যালয়ের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা কেবল শিক্ষকদের দায়িত্ব নয়, এটি আমাদের সবার সম্মিলিত দায়িত্ব। শিক্ষার্থীদের স্বাস্থ্যসম্মত পরিবেশে পাঠদান ও তাদের সুস্থ বিকাশ নিশ্চিত করতেই আমরা এই উদ্যোগ নিয়েছি। পরিচ্ছন্নতার এই অভ্যাস শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে আমাদের এমন সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”
স্থানীয় সচেতন নাগরিক সমাজ এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে আশা প্রকাশ করেছেন যে, এ ধরনের পরিচ্ছন্নতা কার্যক্রমের মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে ছোটবেলা থেকেই পরিবেশ রক্ষা ও পরিচ্ছন্নতার মানসিকতা গড়ে উঠবে।