
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক
নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে হয়রানি করার জন্য মামলা করা হয়নি বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। বৃহস্পতিবার সচিবালয়ে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, ড. ইউনূসকে নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ব্যক্তিস্বার্থে আন্তর্জাতিক ষড়যন্ত্র হচ্ছে। হেনস্তা করতেই সরকার তার বিরুদ্ধে মামলা করেছে বা শ্রমিকরা মামলা করেনি এইসব তথ্য সঠিক নয়।
মন্ত্রী দাবি করে বলেন, সরকার ড. ইউনূসকে হয়রানি করতে মিথ্যা মামলা করেনি। তার বিরুদ্ধে শ্রমিকরা মামলা করেছে। কেউ আইনের ঊর্ধ্বে নয়। আওয়ামী লীগ সরকারের মতো কেউ বিচারহীনতায় ছিল না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো বিচারহীনতায় কেউ কষ্ট ভোগ করেননি। আজ আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে বলেই অপরাধীর বিচার হচ্ছে।
সাগর-রুনি হত্যা মামলা প্রসঙ্গে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, সাগর-রুনি হত্যা মামলার তদন্ত শেষ করতে আইনশৃঙ্খলা বাহিনীকে যথেষ্ট সময় দিতে হবে। পুলিশ তদন্ত শেষ করে রিপোর্ট না দিলে তো করার কিছুই নেই। যদি তদন্ত করতে ৫০ বছর সময় লাগে তাহলে ততদিন অপেক্ষা করতে হবে।