
ঢাবি প্রতিনিধি
মো. সিফাতুল্লাহ তাসনীম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষ্যে আয়োজিত ‘নাতে রসুল স. ও কাওয়ালি সন্ধ্যা’ অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আসছেন ‘মেহেরবান তুমি মেহেরবান’ ভাইরাল নাশিদটির শিল্পী মুনাইম বিল্লাহ। ঢাবির ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের সাংস্কৃতিক সংগঠন ডিআইএসসিসি (ডিপার্টমেন্ট অব ইসলামিক স্টাডিজ কালচারাল ক্লাব) এর আয়োজনে তাকে আমন্ত্রণ জানানো হয়েছে।
আগামী ১৭ সেপ্টেম্বর (মঙ্গলবার) টিএসসির স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে সন্ধ্যা সাতটায় অনুষ্ঠানটি শুরু হবে। এ সময় ইসলামী সংগীতাঙ্গনের আরও শিল্পীরা গান গাইবেন। তাদের মধ্যে আছেন বাংলাদেশ বেতারসহ আরও কয়েকটি টেলিভিশনের পরিচিত মুখ শিল্পী আব্দুর রহমান হোসাইনী, প্যানভিশন টিভির সংগীত শিল্পী নিয়ামুল হোসাইনসহ অন্যান্যরা।
প্রসঙ্গত, ২০১৯ সালে জনপ্রিয় টিভি প্রোগ্রাম আলোকিত জ্ঞানীর এক পর্বে ‘মেহেরবান তুমি মেহেরবান’ গানটি পরিবেশনের পর ব্যাপক সাড়া পায় নাশিদটি। এরপর আলোচনায় আসেন শিল্পী মুনাইম বিল্লাহ। রাহবার মাল্টিমিডিয়া নামক ওই ইউটিউব চ্যানেল থেকে এককভাবে মোট ১১১ মিলিয়ন বার নাশিদটি প্লে করা হয়েছে। এছাড়াও ফেসবুকের বিভিন্ন পেজে গানটি লক্ষবারের অধিক প্লে করা হয়েছে।