
নিজস্ব প্রতিবেদক
তথ্য চাইতে গিয়ে সাংবাদিকরা যেন হেনস্তা না হন: তথ্য প্রতিমন্ত্রীতথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেছেন, তথ্য চাইতে গিয়ে কোনো সাংবাদিক যেন হেনস্তার শিকার না হন। এ বিষয়ে সংশ্লিষ্টদের খেয়াল রাখতে হবে। তিনি বলেন, পেশাদার সাংবাদিকদের সুরক্ষায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বদ্ধপরিকর। জেলা শেরপুরে এক সাংবাদিককে কারাদণ্ড দেওয়ার ঘটনার অনুসন্ধান প্রতিবেদন পাওয়ার পর তিনি এমন মন্তব্য করেন।
সোমবার সচিবালয়ে প্রতিমন্ত্রী আরাফাতকে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড দেওয়ার ঘটনার অনুসন্ধান কার্যক্রম সম্পর্কে অবহিত করেন প্রধান তথ্য কমিশনার ড. আবদুল মালেক। সম্প্রতি একটি জাতীয় পত্রিকার শেরপুরের নকলা উপজেলা সংবাদদাতা শফিউর রহমান রানাকে ভ্রাম্যমাণ আদালত ছয় মাসের কারাদণ্ড দেন।
প্রধান তথ্য কমিশনারের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী আরাফাত আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার গণমাধ্যম ও পেশাদার সাংবাদিকদের সম্পূর্ণ স্বাধীনতায় বিশ্বাস করে। তথ্য ও সম্প্র্রচার মন্ত্রণালয় যে কোনো পেশাদার সাংবাদিকের অনাকাক্সিক্ষত হয়রানির বিপক্ষে এবং পেশাদার সাংবাদিকদের সুরক্ষায় বদ্ধপরিকর। তিনি বলেন, জনগণের তথ্য পাওয়ার অধিকার আছে। সরকারের কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা তথ্য অধিকার আইন করেছেন। এ আইনের আওতায় জনগণের তথ্য অধিকার নিশ্চিত করতে হবে।
উল্লেখ্য, ৭ মার্চ একটি জাতীয় দৈনিকের প্রথম পৃষ্ঠায় ‘তথ্য চেয়ে আবেদন করে দেশ রূপান্তরের সাংবাদিক জেলে’ শিরোনামে সংবাদ প্রকাশের পরিপ্রেক্ষিতে তথ্য অধিকার আইন-২০০৯ এর ২৫ (৫) ধারা অনুযায়ী ঘটনাটি তদন্তে তথ্য কমিশনার শহীদুল আলমকে দায়িত্ব দেয় তথ্য কমিশন।