
দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর দুমকীতে মঙ্গলবার গভীর রাতে আওয়ামী লীগের ৩ নেতা কর্মীকে আটক করা হয়েছে।
আটকরা হলেন- উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো: হুমায়ুন কবির, উপজেলা শ্রমিকলীগের সাবেক সভাপতি মোশারেফ হোসেন ও সরকারি জনতা কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি নুরুল ইসলাম নুরু।
মঙ্গলবার(১ অক্টোবর) মধ্যরাতে এসব নেতাকর্মীদের নিজ নিজ বাসভবন থেকে গ্রেফতার করে বাউফল ও দুমকী থানা পুলিশ। হুমায়ুন কবিরের বাড়ি উপজেলার দক্ষিণ রাজাখালী গ্রামে। মোশারেফ হোসেন পেশায় একজন ব্যবসায়ী এবং তার বাড়ি উপজেলার দক্ষিণ চরবয়েড়া গ্রামে। অপরদিকে নুরুল ইসলাম নুরু’র বাড়ি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো: আতিকুর রহমান জানান, আটকদের বিরুদ্ধে বাউফল থানায় একটি নাশকতার মামলা রয়েছে এবং আসামীদের কোর্টে প্রেরণের প্রক্রিয়া চলমান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ফিরোজ আহমেদ জানান, যেহেতু আটকদের বিরুদ্ধে বাউফল থানায় মামলা রয়েছে। কোর্টে চালানের প্রক্রিয়া তারাই সম্পন্ন করবেন। আমরা শুধু সহযোগীতা করেছি।