
খঃ ফাহিম:
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবাগত ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। আজ ২রা নভেম্বর সকাল থেকেই ক্যাম্পাস প্রাঙ্গনে শুরু হয় নব্য ভর্তি হওয়া শিক্ষার্থীদের আনাগোনা। প্রতিটি বিভাগই নিজস্ব আয়োজনে বরণ করে নিয়েছে তাদের নতুন অতিথিদের।
নবীন বরণ উপলক্ষ্যে ক্যাম্পাসকে সাজানো হয়েছে নতুন রূপে। প্রতিটি একাডেমিক ভবনের সামনে ও মোড়গুলোতে করা হয়েছে আল্পনা। প্রতিটি বিভাগই সেজে উঠেছে নানান রঙে। বিভাগীয় নবীন বরণ অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ করেছেন উপাচার্য ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, প্রক্টর ড. মোঃ শাহীনুজ্জামান ও ছাত্র উপদেষ্টা ড. মো. ওবায়দুল ইসলাম। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কগণও এসময় বিভাগগুলোতে অংশগ্রহণ করেছেন।
অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদেরকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। নবীনরা নতুন পরিবেশে তাদের অনুভূতি ব্যক্ত করে। কিছু কিছু বিভাগে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও করা হয়। এসময় উপাচার্য ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর একাধিক বক্তব্যে উঠে আসে নবীনদের অবারিত সম্ভাবনার হাতছানির কথা। বৈশ্বিক নাগরিক হিসেবে দেশের এবং দশের কল্যাণে নিজেকে নিয়োজিত করার আহ্বান জানান উপাচার্য। প্রক্টর ড. মোঃ শাহীনুজ্জামান জানান ভার্সিটি কালচার শেখানোর নামে কোনো প্রকার হয়রানিমূলক কর্মকাণ্ডকে প্রশ্রয় দেওয়া হবে না। এরুপ ঘটনা ঘটলে দ্রুত সময়ের মধ্যে তাকে অবহিত করতে বলেন তিনি। সমন্বয়ক প্যানেল থেকেও জানানো হয় শিক্ষার্থীদের হয়রানিমূলক পরিস্থিতি রুখে দিতে তারা আলাদা কমিটি গঠন করেছেন। তাদের মোবাইল নম্বর বিশ্ববিদ্যালয়ের ফেসবুক গ্রুপে দেওয়া হয়েছে। যেকোনো সমস্যায় তারা সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। এছাড়া ক্যাম্পাসের অভ্যন্তরীণ সড়কগুলোতে মাইকিংয়ের মাধ্যমে হয়রানিমূলক কর্মকাণ্ড সম্পর্কে সতর্কতা বার্তা প্রচার করা হয়েছে।
