
মো নাজিউল্লাহ ভূইয়া
কেরানীগঞ্জ ঢাকা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন ঢাকা–২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক ডাকসু ভিপি আমানউল্লাহ আমান।
শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে কেরানীগঞ্জ মডেল থানাধীন শাক্তা ইউনিয়নের নয়াবাজার এলাকায় আয়োজিত নির্বাচনী গণসংযোগকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমানউল্লাহ আমান বলেন, “নির্বাচন বানচালের উদ্দেশ্যে সাধারণ মানুষ ও রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে ভয়ভীতি ছড়ানোর চেষ্টা চলছে। এরই ধারাবাহিকতায় সম্প্রতি হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের ওপর দুর্বৃত্তদের গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এসব সহিংস ঘটনার মূল লক্ষ্য হচ্ছে ভোটারদের আতঙ্কিত করা এবং নির্বাচন থেকে দূরে রাখা।”
তিনি আরও বলেন, দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করছে। জনগণের এই গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করা হবে। তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে।
নির্বাচনকে ঘিরে চলমান নানা চক্রান্ত ও ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক করে আমানউল্লাহ আমান বলেন, এসব অপতৎপরতা মোকাবিলায় নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ ও সজাগ থাকতে হবে। একই সঙ্গে তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রশংসা করে বলেন, প্রধান উপদেষ্টা একটি সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন। তবে একটি বিশেষ দল ও গোষ্ঠী সেই নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
গণসংযোগ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা মডেল বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী মো. শামিম হাসান, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক জানে আলম সুমন, শাক্তা ইউনিয়ন বিএনপির সভাপতি মহসিন মন্টু ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর।
এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক শাক্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান খান, মিজানুর রহমান, যুবদল নেতা মাসুদ রানা, লোকমান, আলমাসসহ উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
গণসংযোগকালে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান এবং শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান।