
টাংগাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইল সদর (৫) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আহসান হাবীব মাসুদের সমর্থনে ১১ দলীয় জোটের যৌথ ঘোষণা এবং নির্বাচনী কাজে বিএনপির হামলার প্রতিবাদে টাঙ্গাইলে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
১১ দলীয় জোটের সদর আসন নির্বাচন কমিটির উদ্যোগে বুধবার (২৮ জানুয়ারি) সকাল ১১টায় টাঙ্গাইল প্রেসক্লাবের হলরুমে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত যৌথ ঘোষণার পর সদর আসনের ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী আহসান হাবীব মাসুদ টাঙ্গাইল জেলার বিভিন্ন উপজেলায় বিএনপি কর্তৃক জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের নেতাকর্মীদের ওপর হামলার বিস্তারিত বিবরণ তুলে ধরেন। তিনি বলেন, পরিকল্পিতভাবে নির্বাচনী কার্যক্রমে বাধা সৃষ্টি করা হচ্ছে।
তিনি বিশেষভাবে গত ২৬ জানুয়ারি গোপালপুর উপজেলায় মহিলা জামায়াতের কর্মীদের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে টাঙ্গাইল সদর, গোপালপুর, ধনবাড়ি, ঘাটাইল, ভূঞাপুর ও কালিহাতীসহ বিভিন্ন উপজেলায় বিএনপির পদধারী নেতাদের নাম উল্লেখ করে সুনির্দিষ্ট অভিযোগ করেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আহসান হাবীব মাসুদ বলেন, প্রতিটি উপজেলায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে এবং মামলাও দায়ের করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস পাওয়া গেলেও এখন পর্যন্ত কার্যকর কোনো প্রতিকার পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, “এভাবে নির্বাচনী কাজে বাধা দিলে লেভেল প্লেয়িং ফিল্ড আর থাকে না। ১২ ফেব্রুয়ারির নির্বাচন বানচালের যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে ১১ দলীয় জোট কার্যকর প্রতিরোধ গড়ে তুলবে। প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে বৃহত্তর কর্মসূচি দিতে আমরা বাধ্য হবো।”
তিনি বলেন, ৫ আগস্টের মাধ্যমে ফ্যাসিবাদের পতন হয়েছে। নতুন করে কেউ ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা করলে তা শক্ত হাতে প্রতিরোধ করা হবে—ইনশাআল্লাহ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জামায়াতের জেলা সাংগঠনিক সেক্রেটারি শহিদুল ইসলাম, এনসিপির জেলা আহ্বায়ক অ্যাডভোকেট কামরুজ্জামান শাওন, সদস্য সচিব মাসুদুর রহমান রাসেল, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সহসভাপতি মাওলানা আব্দুর রহিম ও মাওলানা মুফতি আব্দুর রহমান মাদানি, সেক্রেটারি মাওলানা কামরুল হাসান ও মাওলানা শহীদুল ইসলাম, এবি পার্টির জেলা সমন্বয়ক অ্যাডভোকেট আলাউদ্দিন খালিদ, খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মাওলানা জায়েদ হাবিব, শহর জামায়াতের আমীর অধ্যাপক মিজানুর রহমান চৌধুরী, সদর আমীর অধ্যাপক ইকবাল হোসাইন বাদল, সেক্রেটারি আলমগীর হোসেন, শহর সেক্রেটারি সাইফুল ইসলাম, খেলাফত মজলিসের পৌর সভাপতি মাওলানা ওলিউল্লাহ, ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি এহসানুল মাহবুব জুবায়ের, সাবেক জেলা সভাপতি মাজহারুল ইসলামসহ ১১ দলীয় জোটভুক্ত বিভিন্ন রাজনৈতিক ও ছাত্রসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।