
নরসিংদী প্রতিনিধি
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, বর্তমান সরকারের লক্ষ্য হলো একটি নিরপেক্ষ ও সঠিক নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করা। নির্বাচনের মাধ্যমে রাজনীতিবিদের হাতে ক্ষমতা দিয়ে আমরা সরে যাব। এটা নিয়ে সন্দেহের কোনো সুযোগ নেই। আমাদের প্রথম কাজ হলো দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনা।
শনিবার দুপুরে বেলাব উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তৌহিদ হোসেন এমন মন্তব্য করেন। সভার শুরুতে ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
বাংলাদেশ ও ভারতের বর্তমান সম্পর্ক বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, আমরা সব দেশের সঙ্গে সুসম্পর্ক চাই, সম্মানের ভিত্তিতে, সমতার ভিত্তিতে সম্পর্ক চাই। সেই লক্ষ্যেই সরকার কাজ করে যাচ্ছে। ভারতকে আমরা স্পষ্ট বার্তা দিয়েছি-আমরা ভালো সম্পর্ক চাই। তবে সেটা দুপক্ষেরই স্বার্থের ভিত্তিতে হতে হবে। তিনি আরও বলেন, আমরা বেশিদিনের জন্য আসিনি। নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক ব্যক্তিদের হাতে ক্ষমতা হস্তান্তর করে আমরা চলে যাব।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল করিমের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সেতু বিভাগের সাবেক সচিব জাহিদ হোসেন, এমআরডিআইয়ের অ্যাডভাইজার সাহিদ হোসেন, বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল (বিইপিআরসি) চেয়ারম্যান (সিনিয়র সচিব) মোহাম্মদ ওয়াহিদ হোসেন এনডিসি, বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক এয়ার কমোডর খালিদ হোসেন, সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) আফসান আল আলম, সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক আহসান হাবীব বিপ্লব, সাবেক সভাপতি অ্যাডভোকেট অলিউর রহমান কাওসার প্রমুখ।