
ভোরের বাংলা নিউজ ডেস্ক
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন আমাদের সাহায্য করতে চায়। তারা জানতে চেয়েছিল ভোটের বাজেট কত, আমাদের টাকা পয়সা ঠিকমতো রয়েছে কি না বা কোনোরকম অসুবিধা আছে কি না।
রোববার (১৬ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বেলা ১১টায় প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে বসে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বাধীন ৫ সদস্যের প্রতিনিধি দল।
বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার।
সিইসি বলেন, ওনারা জানতে চেয়েছেন আগামী নির্বাচনে আমাদের প্রস্তুতি কী আছে। আমরা যা যা করছি তাদের জানিয়েছি। নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতির সবকিছু জানিয়েছি।
তিনি বলেন, আমরা বলেছি, আমাদের টাকা-পয়সার কোনো অসুবিধা নেই। সরকারের কাছে বাজেট চেয়েছি। তবে ওনারা (মিলারের নেতৃত্বাধীন প্রতিনিধি দল) আমাদের সাহায্য করতে চান। আমাদের কী প্রয়োজন সেটা জানতে চান। আমরা বলেছি, ইউএনডিপি ইতোমধ্যে একটা নিড অ্যাসেসমেন্ট করেছে। একটা টিম পাঠিয়েছিল তারা। তারা সব সহায়তা দিতে প্রস্তুত আছে। বাংলাদেশের উন্নয়নে সহায়তা করতে চান তারা। আগামী মাসে একটা কর্মশালা করবেন তারা। সেখানে সিভিল সোসাইটি থাকবে। পোলিং এজেন্ট, ভোটার এডুকেশন ও স্থানীয় পর্যবেক্ষকদের প্রশিক্ষণ দিতে চেয়েছেন।