
রিয়া মনি
পাবনার বেড়া উপজেলায় ট্রাকের চাপায় মোজাম্মেল হোসেন (৫৫) নামের এক অটোভ্যান চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৬ জুলাই) সকাল ৭টার দিকে উপজেলার আমিনপুর থানার কাজিরহাট সড়কে পদ্মা জেনারেল হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোজাম্মেল হোসেন পাবনার আমিনপুর থানার সিন্দুরী গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় একটি মসজিদের মুয়াজ্জিন হিসেবেও দায়িত্ব পালন করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, কাশিনাথপুর বাজার থেকে নিজ বাড়ির উদ্দেশ্যে অটোভ্যান চালিয়ে যাচ্ছিলেন মোজাম্মেল। পথিমধ্যে কাজিরহাটগামী একটি দ্রুতগতির ট্রাক পেছন থেকে তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনাটি এতটাই ভয়াবহ ছিল যে, তার দেহ ছিন্নবিচ্ছিন্ন হয়ে যায় এবং মাথা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
খবর পেয়ে কাশিনাথপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে এবং যান চলাচল স্বাভাবিক করে।
ঘটনার বিষয়ে আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি জব্দ করেছে। তবে চালক পালিয়ে গেছে। নিহতের মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে এবং ময়নাতদন্তের প্রক্রিয়া চলমান। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এভাবে আর কত মৃত্যু? নিরাপদ সড়ক কি কেবল স্বপ্নই থাকবে?