
বরগুনা প্রতিনিধি
বরগুনায় কর্মস্থলে ফিরে জনগণের কল্যাণে কাজ করার উৎসাহ যোগাতে পুলিশ সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকরা।
রবিবার (১১ আগস্ট) দুপুর ১টার দিকে তারা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ অন্যান্য পুলিশ সদস্যদের হাতে গোলাপ ও রজনীগন্ধা ফুল দিয়ে সারা দেশের পুলিশ সদস্যদের রাষ্ট্রের প্রয়োজনে দায়িত্ব পালনের অনুরোধ জানান।
এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীসহ স্কাউট, জাগোনারী, উদীচী শিল্পী গোষ্ঠী, স্বাস্থ্য অধিকার যুব ফোরাম, বিশখালী ইয়ুথ টিম, ভলান্টিয়ার ফর বাংলাদেশসহ বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের সেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।
এ সময় শিক্ষার্থী ও সেচ্ছাসেবকদের মধ্যে ইউসুফ সাগর তার বক্তব্যে বলেন, ‘পুলিশ রাষ্ট্রের প্রয়োজনে আবারও থানায় তাদের স্বাভাবিক কার্যক্রম শুরু করবে এ জন্য আমরা অনুরোধ করতে এসেছি। যারা থানায় ফিরেছেন তাদের হাতে একটি করে গোলাপ তুলে দেওয়া হয়েছে।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে,এম মিজানুর রহমান বলেন, ‘উৎসাহ যোগাতে শিক্ষার্থী ও সেচ্ছাসেবকদের ধন্যবাদ জানাই। তারা সড়কে পরিষ্কার পরিচ্ছন্নতা ও রোদ বৃষ্টির মধ্যে কষ্ট করে ট্রাফিকের কাজ করেছে। তাদেরও পড়ার টেবিলে ফিরতে এবং আমরাও সবাই কর্মস্থলে ফিরতে চাই। তাই আংশিক হলেও আমাদের কার্যক্রম শুরু হয়েছে। আশা করি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী সব পুলিশ সদস্যই আবারও জনকল্যাণে নিজ নিজ কর্মস্থলে কাজ শুরু করবেন।
শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকরা বরগুনা সদর থানা ছাড়াও জেনারেল হাসপাতাল পরিদর্শন, পুলিশ সুপার ও সিভিল সার্জনের সঙ্গে দেখা করে দ্রুত জেলার আইনশৃঙ্খলা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সহযোগীতা করার জন্য সাক্ষাৎ করেন।