
মোহাম্মদ আব্দুন নুর রানা
সিনিয়র রিপোর্টার:
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের আগমন ও জনসভা আপাতত স্থগিত করা হয়েছে। পূর্বনির্ধারিত মঙ্গলবার (২৭ জানুয়ারি) কর্মসূচি বাতিল করে নতুন তারিখ নির্ধারণের প্রক্রিয়া চলছে। দলীয় সূত্রে জানা গেছে, আগামী ফেব্রুয়ারি মাসের ১, ২ অথবা ৩ তারিখে ভাঙ্গায় তারেক রহমানের আগমন ও জনসভা অনুষ্ঠিত হতে পারে।
ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম “ভোরের বাংলা নিউজ” কে জানান একই সময়ে ময়মনসিংহে একটি গুরুত্বপূর্ণ দলীয় কর্মসূচি থাকায় ভাঙ্গার প্রোগ্রামটি আপাতত স্থগিত করা হয়েছে।
তিনি বলেন আমরা সকল প্রস্তুতি সম্পন্ন করেছিলাম। তবে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী কর্মসূচি স্থগিত করা হয়েছে। ফেব্রুয়ারির ১, ২ কিংবা ৩ তারিখের যেকোনো একটি তারিখে নতুন করে কর্মসূচি নির্ধারণ হতে পারে।
এ বিষয়ে ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন “ভোরের বাংলা নিউজ” কে বলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ভাঙ্গার কর্মসূচিটি আপাতত স্থগিত করা হয়েছে। পরবর্তী কর্মসূচির নির্দিষ্ট তারিখ খুব শিগগিরই জানানো হবে। তবে ফেব্রুয়ারির ২ কিংবা ৩ তারিখে হওয়ার সম্ভাবনা বেশি।
এর আগে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে ভাঙ্গা ও ফরিদপুর জেলার বিভিন্ন উপজেলায় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দেয়। প্রস্তুতি সভা মিছিল মিটিং ও প্রচারণা কার্যক্রমও শুরু হয়েছিল। কর্মসূচি স্থগিত হলেও দলীয় নেতারা জানিয়েছেন নতুন তারিখ ঘোষণার পর আরও বড় পরিসরে জনসভা আয়োজনের প্রস্তুতি নেওয়া হবে।
দলীয় সূত্রে আশা করা হচ্ছে পুনর্নির্ধারিত তারিখে ভাঙ্গার জনসভা বৃহত্তর ফরিদপুর অঞ্চলে বিএনপির একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক শক্তি প্রদর্শনের মঞ্চে পরিণত হবে।