
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামে নিখোঁজের পাঁচ দিন পর শফিকুল ইসলাম (৩৮) নামে এক পরিবহন শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার বনপাড়া পৌরসভার কালিকাপুর গুচ্ছগ্রামের একটি নির্মাণাধীন বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। মৃত শফিকুল ওই এলাকার শহীদুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শফিকুল ইসলাম গত ১ অক্টোবর থেকে নিখোঁজ ছিলেন। বুধবার সকালে ওই নির্মাণাধীন বাড়ি থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা সেখানে গিয়ে ঘরের ভেতর শফিকুলের লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠায়।
শফিকুলের পরিবারের দাবি, তাকে হত্যা করা হয়েছে। তবে স্থানীয় কয়েকজনের ভাষ্য, শফিকুল মাদক বিক্রি ও সেবনের সঙ্গে জড়িত ছিলেন। তাদের ধারণা, মাদক সেবনের সময় কোনো কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, নিহতের শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।