
তারেক মুহাজির, জাবি সংবাদদাতা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির অর্থ কেলেঙ্কারিসহ একাধিক অভিযোগ এনে বর্তমান কমিটির বিলুপ্তিসহ পাঁচ দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীদের একাংশ।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাত দশটায় বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকায় পাঁচ দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা (একাংশ)। সংবাদ সম্মেলন শেষে একটি সংক্ষিপ্ত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
তাদের পাঁচ দফা দাবি হলো- সম্প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শাখা ছাত্রদল কতৃক আয়োজিত হেপাটাইটিস বি ভ্যাক্সিনেশন কর্মসূচির অর্থ কেলেঙ্কারির তদন্ত করে দোষীদের সাংগঠনিকভাবে বহিষ্কার করতে হবে, কমিটির সকল সদস্যদের যাচাই-বাছাই করে ছাত্রদলের আদর্শবিরোধী কোনো ব্যক্তি যাতে না থাকতে পারে তা নিশ্চিত করতে হবে এবং ছাত্রদলের ভাবমূর্তি রক্ষার্থে প্রয়োজনীয় সংস্কার প্রক্রিয়া দ্রুত শুরু করতে হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত নেতাকর্মীরা শাখা কমিটির বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেন। অভিযোগগুলো হলো, কেন্দ্রীয় অনুমোদন ছাড়াই সাম্প্রতিক এক আওয়ামী ঘরানার এক সাবেক এমপি থেকে প্রায় ৩ কোটি ২০ লাখ টাকায় বাজেট নিয়ে হেপাটাইটিস বি ভ্যাক্সিনেশন প্রোগ্রামের আয়োজন করার কথা থাকলেও ১ কোটি ৮৫ লাখ টাকা উদ্বৃত্ত রেখে নেতৃবৃন্দ ভাগ-বাটোয়ারা করে, বর্তমান ১৭৭ সদস্যের আহ্বায়ক কমিটিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ১৩ জনের সংশ্লিষ্টতা স্পষ্ট। এছাড়া আহ্বায়ক কমিটিকে ৯০ দিনের মধ্যে কাউন্সিল করার কথা থাকলেও এখন পর্যন্ত সকল সদস্যের পরিচিতি সভা, আলোচনা বা সংহতির কোনো প্রোগ্রাম আয়োজন করতে ব্যর্থ হয়েছে কমিটি।