
বাকৃবি প্রতিনিধি :
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শিক্ষক সমিতি নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে জয়লাভ করেছে বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সোনালী দল। নির্বাচনে সভাপতি পদে ফিশারিজ বায়োলজি ও জেনেটিক্স বিভাগের অধ্যাপক ড. রফিকুল ইসলাম সরদার ও সাধারণ সম্পাদক পদে কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের অধ্যাপক ড. আসাদুজ্জামান সরকার নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কমপ্লেক্সে সকাল ৮টা শুরু হয়ে দুপুর ২টায় শেষ হয়। রাত ১টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দ্বায়িত্ব পালন করেন বাকৃবি শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ আসলাম আলী। এবছর শিক্ষক সমিতি নির্বাচনে ভোট প্রদান করেছেন ৪৪৪ জন শিক্ষক। নির্বাচনে মোট তিনটি প্যানেল অংশগ্রহণ করেছে। আওয়ামী লীগ পন্থী গণতান্ত্রিক শিক্ষক ফোরামের দুইটি প্যানেল (ড. আবু হাদী- ড. রমিজ প্যানেল ও ড. আখতার – ড. রফিক প্যানেল) ও বিএনপি পন্থী সোনালী দলের প্যানেল। সোনালী দল থেকে সভাপতি, সাধারণ সম্পাদক ও একটি সদস্য পদে অধ্যাপক মুহাম্মদ জাভিদুল হক ভূঞাঁ বাদে অন্যান্য সকল পদে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ পন্থী শিক্ষকদের সংগঠন গণতান্ত্রিক শিক্ষক ফোরামের শিক্ষকবৃন্দরা।
সোনালী দলের অধ্যাপক ড. রফিকুল ইসলাম সরদার সভাপতি পদে ১৪৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন । তাঁর নিকটতম প্রতিদ্ব›দ্বী অধ্যাপক ড. আখতার হোসেন চৌধুরী পেয়েছেন ১৪২ ভোট ও অধ্যাপক ড. আবু হাদী নূর আলী খান পেয়েছেন ১৩৯ ভোট। সাধারণ সম্পাদক পদে অধ্যাপক ড. আসাদুজ্জামান সরকার পেয়েছেন ১৫১ ভোট। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী অধ্যাপক ড. রমিজ উদ্দিন পেয়েছেন ১৪৯ ভোট ও অধ্যাপক ড. রফিকুল আলম পেয়েছেন ১৩৬ ভোট।
ড. আখতার – ড. রফিক প্যানেল থেকে বিজয়ী হয়েছেন- সহ সভাপতি পদে অধ্যাপক ড. সাইদুর রহমান, কোষাধ্যক্ষ পদে ড. চয়ন কুমার সাহা, যুগ্ম সম্পাদক ১ পদে অধ্যাপক ড. তানভীর রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে সহকারী অধ্যাপক ড. আরিফ সাকিল। সদস্য পদে নির্বাচিত হয়েছেন অধ্যাপক ড. মাহফুজা বেগম, অধ্যাপক ড. আলমগীর হোসেন ২, অধ্যাপক মোহাম্মদ সাজ্জাদ হোসেন ও সহযোগী অধ্যাপক ড. শেখ মোহাম্মদ সায়েম।
ড. আবু হাদী – ড. রমিজ প্যানেল থেকে বিজয়ী হয়েছেন যুগ্ম সম্পাদক ২ পদে সহকারী অধ্যাপক সাদাকাতুল বারি, তথ্যপ্রযুক্তি ও প্রচার সম্পাদক পদে সহযোগী অধ্যাপক ড. খালিদ মাহমুদ, সমাজ কল্যাণ সম্পাদক পদে সহযোগী অধ্যাপক ড. মরিয়ম। সদস্য পদে নির্বাচিত হয়েছেন অধ্যাপক ড. ফৌজিয়া সুলতানা।
উল্লেখ্য, অধ্যাপক ড. রফিকুল ইসলাম সরদার সোনালী দল থেকে ২০১৫ সালে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এবং অধ্যাপক ড. আসাদুজ্জামান সরকার ২০০৫ সালে যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছিলেন।