
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইলের বাসাইল থানা পরিদর্শন করেছেন টাঙ্গাইলের পুলিশ সুপার জনাব মুহম্মদ শামসুল আলম সরকার। পরিদর্শনকালে থানা প্রাঙ্গণে পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে।
পরিদর্শনকালে পুলিশ সুপার থানার সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।
তিনি থানায় কর্মরত পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা, প্রয়োজনীয় চাহিদা ও সার্বিক বিষয়াদি মনোযোগ সহকারে শোনেন। এসব সমস্যা সমাধানে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন পুলিশ সুপার।
এ সময় তিনি থানার মালখানা ও হাজতখানা পরিদর্শন করেন। পাশাপাশি থানার পরিষ্কার-পরিচ্ছন্নতা, মামলা সংক্রান্ত কার্যক্রম, তদন্তের অগ্রগতি, পুলিশি সেবার মান এবং সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজখবর নেন। পরিদর্শন শেষে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন তিনি।
পুলিশ সুপার বলেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশকে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। সাধারণ মানুষ যেন দ্রুত ও হয়রানিমুক্ত পুলিশি সেবা পান, সে বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি।
এ সময় সখিপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার এ কে এম মামুনুর রশীদ, বাসাইল থানার অফিসার ইনচার্জসহ থানায় কর্মরত সকল অফিসার ও পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।