
টাংগাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইলের বাসাইল থানায় যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ড ঘটিয়ে মিম (২২) নামে এক নারীকে হত্যার মামলায় জড়িতসহ একাধিক মামলার পলাতক আসামি মোঃ নজরুল ইসলাম (৬০)–কে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্প।
র্যাব জানায়, এজাহারের বিবরণ অনুযায়ী ১৩ নভেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ রাত আনুমানিক ১২টা ১০ মিনিটে আওয়ামী লীগের ডাকা লকডাউন সফল করতে দুষ্কৃতিকারীরা বাসাইল থানার বাঐখোলা এলাকায় স্টেট ফাস্ট কুরিয়ার সার্ভিস অফিসের সামনে যমুনাগামী লেনের উপর “বাংলা স্টার” নামে পাবনাগামী যাত্রীবাহী বাসে দাহ্য পদার্থ নিক্ষেপ করে। এতে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। যাত্রীরা বাস থেকে নামতে সক্ষম হলেও মিম (২২) আগুনে দগ্ধ হন এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
ঘটনার পর সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ এর ৬(২)(উ)/১০/১২ ধারায় বাসাইল থানায় মামলা করা হয় (মামলা নং–০৫, তারিখ: ১৩ নভেম্বর ২০২৫)। মামলার পর র্যাব-১৪, সিপিসি-৩ টাঙ্গাইল ক্যাম্প ছায়াতদন্ত শুরু করে এবং ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান জোরদার করে।
এরই ধারাবাহিকতায় ২৭ নভেম্বর ২০২৫ দুপুর ১২টার দিকে টাঙ্গাইলের দেলদুয়ার থানার চরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে র্যাব। অভিযানে উক্ত নাশকতা মামলায় জড়িতসহ একাধিক মামলার পলাতক আসামি মোঃ নজরুল ইসলামকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-১৪ সিপিসি-৩ টাঙ্গাইল ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মোঃ কাওসার বাঁধন।