
টাংগাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, টাঙ্গাইলের ঐতিহ্যবাহী ভাসানী হল শুধু একটি মিলনায়তন নয়, এটি বাংলাদেশের অন্যতম রাজনৈতিক নেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর স্মৃতিবিজড়িত একটি গুরুত্বপূর্ণ স্থাপনা। এ হলের রক্ষণাবেক্ষণ ও সংরক্ষণের দায়িত্ব আমাদের সবার।
শুক্রবার সকালে টাঙ্গাইল শহরের জরাজীর্ণ ভাসানী হল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী টুকু বলেন, “টাঙ্গাইলের সাংস্কৃতিক অঙ্গনে যারা কাজ করেন, তাদের জন্য উপযুক্ত কোনো স্থান নেই। অথচ এক সময় টাঙ্গাইলকে সাংস্কৃতিক নগরী হিসেবে অভিহিত করা হতো। সেই শহরে এভাবে একটি গুরুত্বপূর্ণ মিলনায়তন অবহেলায় পড়ে থাকতে পারে না।”
তিনি আরও বলেন, “ভাসানী হলের সঙ্গে যেমন মওলানা ভাসানীর স্মৃতি জড়িয়ে আছে, তেমনি এটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উদ্বোধন করেছিলেন। তাই ঐতিহাসিক ও সাংস্কৃতিক দিক বিবেচনায় এর গুরুত্ব অনেক। ইতোমধ্যে আমরা বিষয়টি নিয়ে উদ্যোগ গ্রহণ করেছি। দ্রুততম সময়ের মধ্যে কীভাবে সংস্কার ও উন্নয়ন করা যায় সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”
টাঙ্গাইলকে একটি আধুনিক ও মডেল শহর হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করে যাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন গণপূর্ত বিভাগের প্রধান প্রকৌশলী খালেকুজ্জামান চৌধুরী, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানুসহ স্থানীয় নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।