
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইলের মধুপুর উপজেলার কুড়ালিয়া ইউনিয়নের কুড়ালিয়া গ্রামে অনিকা (১৭) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার (২৫ জুলাই) বিকেল ৩টার দিকে নিজ ঘরে ধর্নার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাকে উদ্ধার করেন স্বজনরা। পরে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত অনিকা ফুলবাড়িয়া উপজেলার তালতলী গ্রামের আন্নাস আলীর মেয়ে এবং কুড়ালিয়া গ্রামের সজীব আহমেদের স্ত্রী।
পারিবারিক সূত্রে জানা যায়, স্বামীর সঙ্গে কলহের জেরে অনিকা কিছুদিন ধরে বাবার বাড়িতে অবস্থান করছিলেন। শুক্রবার তার বাবা তাকে স্বামীর বাড়িতে নিয়ে আসেন। শনিবার বাড়ির লোকজন কাজে ব্যস্ত থাকার সুযোগে অনিকা নিজ ঘরে গলায় ফাঁস দেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তবে অনিকার মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত করছে।
মধুপুর থানার তদন্তকারী কর্মকর্তা এসআই কামরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।