
মাগুরা প্রতিনিধি
‘টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন–২০২৫’ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে মাগুরায় গণমাধ্যম কর্মীদের সঙ্গে এক পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ অক্টোবর) সকালে মাগুরা ইসলামিক ফাউন্ডেশনের সম্মেলন কক্ষে জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) ও গ্যাভি’র সহযোগিতায় কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. আ. কাদের। বিশেষ অতিথি ছিলেন জেলা সিভিল সার্জন ডা. মো. শামীম কবির। কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা তথ্য কর্মকর্তা পাভেল দাস।
বক্তারা বলেন, টাইফয়েড এমন এক সংক্রামক ব্যাধি, যা টিকাদানের মাধ্যমে প্রতিরোধ করা সম্ভব। এই রোগ প্রতিরোধে জনগণের মধ্যে সচেতনতা তৈরিতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশু, কিশোর-কিশোরী ও নারীর স্বাস্থ্য সুরক্ষায় গণমাধ্যমের ইতিবাচক অংশগ্রহণ এই কর্মসূচিকে আরো ফলপ্রসূ করবে বলে তারা আশা প্রকাশ করেন।
বক্তারা আরো বলেন, সরকারের উদ্যোগে শুরু হওয়া টাইফয়েড টিকাদান কর্মসূচি জনস্বাস্থ্যের উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। গণমাধ্যমের সহযোগিতা থাকলে এই ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে।
এ কর্মসূচির আওতায় সারাদেশে ধাপে ধাপে টাইফয়েড টিকা দেওয়া হবে। শিশু ও কিশোরদের এ রোগ থেকে সুরক্ষিত রাখতে সরকার সম্পূর্ণ বিনামূল্যে টিকা প্রদান করবে।
কর্মশালায় জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন।