
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর মিরপুরের বুড়িরটেক এলাকায় ৬৫০ কোটি টাকা মূল্যের সরকারি জমি উদ্ধার করেছে ঢাকা জেলা প্রশাসন। দীর্ঘদিন ধরে সরকারি এ জমি কিছু অবৈধ দখলদাররা—আলীনগর হাউজিং, হ্যাভেলী প্রোপার্টিজ, খাতুন প্রোপার্টিজের নামে অবৈধভাবে ক্রয়-বিক্রয় করছিল বলে জানায় প্রশাসন।
তবে হ্যাভেলী প্রপার্টি ডেভেলপমেন্ট লিমিটেড দাবি করেছে, আদালতের আদেশের তোয়াক্কা না করে এবং নোটিশ ছাড়াই পল্লবী থানাধীন বাউনিয়া মৌজায় ডিওএইচএস সংলগ্ন তাদের আলীনগর প্রকল্পে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।
মঙ্গলবার (৯ এপ্রিল) ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অমিত কুমার সাহা ও মিরপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অর্ণব মালাকার এ অভিযান চালান।