
টাংগাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
মির্জাপুরে ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাই নিহতের ঘটনা ঘটেছে।সোমবার বেলা ১১টার দিকে উপজেলার জামুর্কী ইউনিয়নের বানিয়ারা গ্রামে ছাদের পানি নিচে পড়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হাতে বড় ভাই নিহতের এঘটনা ঘটে।নিহত খোরশেদ মিয়া(৬০)ওই এলাকার মৃত কিতাব আলীর ছেলে।স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়,সকালে সেদ্ধ ধান শুকানোর জন্য বাড়ির পাশের এক ভাতিজার নির্মাণাধীন দুইতলা ভবনের ছাদে যান খোরশেদ মিয়া।বৃষ্টির পানি জমে থাকায় তিনি ছাদে থাকা পানি ফেলে দিচ্ছিলেন।এসময় পানি নিচে পড়াকে কেন্দ্র করে তার ছোট ভাই রোমেজ মিয়ার সঙ্গে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে বাকবিতণ্ডা তীব্র আকার ধারণ করলে রোমেজ মিয়া সেখান থেকে চলে যান।কিছু সময় পরে তিনি কোদাল নিয়ে এসে অতর্কিতভাবে খোরশেদ মিয়ার বুকে আঘাত করেন বলে অভিযোগ করেন স্বজনরা।এতে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয়রা মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথেই তার মৃত্যু হয়।নিহতের স্ত্রী হাসনা বেগম বলেন,সামান্য পানি পড়া নিয়ে এমন ঘটনা ঘটবে কল্পনাও করিনি। আমার স্বামীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
নিহতের এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।এ বিষয়ে মির্জাপুর থানার পরিদর্শক(তদন্ত)রাসেল বলেন,মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।